Total Pageviews

Sunday, March 13, 2016

অমর কবিতা

আলোর প্রত্যাশায় অন্ধকারে ডুব সাঁতার
কত আর কেটে যাই অমানিশার অন্তরে,
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে চলেছে মন্থন—
সেই কোনকাল ধরে সমুদ্র মন্থনের মত,
নীল বিষ উগরায় কালনাগিনী পান করি আমি
আমি নীলকণ্ঠ হতে পারি সে ক্ষমতা কোথায়?
তবু অমৃত সাধনা আমার আলোর সাধনা।
কবিতার অন্তরের অন্তরতম সারসত্য বুঝা
জনম জনমের সাধনার সর্বশেষ  উপলব্ধি
কবিতা লিখেই চলি তবু যেন জোনাকির
ঝোপেঝাড়ে ছড়ানো সবুজাভ ক্ষীণরেখ আলো তা,
আর অধরা স্বপ্নিল আবছা আলোর জ্যোৎস্না যেন
মুঠোভরা আলো হয়ে কোথায় হারিয়ে যায়।
অথচ আমি চাই কবিতার সেই আলো
সেই আশ্চর্য অরূপের অন্তরতম আলোর বিকাশ! 
আকাশের নীল বলয় পার হয়ে, মহাকাশের
বলয় অতিক্রম করে, কৃষ্ণ গহ্বরের নষ্ট কালো
পেরিয়ে চিরায়ত অব্যাখ্যাত অপরূপ সে আলোকে
আমার কবিতার সত্তাকে ভাস্বর সৃষ্টি করে যাই।

© সুনীতি দেবনাথ,
কাজরী,
২৫ ফেব্রুয়ারি, ২০১৬